গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাতে প্রীতম হাসান তার ফেসবুক পেজে একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো।’
তারা জানান, দীর্ঘ সময় ভেবে চিন্তে এবং পরস্পরের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
প্রীতম হাসান ও শেহতাজ ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারে একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়, যা তাদের সম্পর্কের সূচনা করে।