বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও চোটের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
নুসরাত বর্তমানে বালিতে একটি নতুন ছবির শুটিং করছেন। জানা গেছে, টাইগার শ্রফের সঙ্গে তিনি পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন। শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নুসরাতের জন্য এটি নতুন নয়। ২০২৩ সালে তাঁর শুটিংয়ের সময় আহত হওয়ার দুটি ঘটনা ঘটেছিল। এপ্রিল মাসে ‘আকেলি’ ছবির শুটিংয়ের সময় তিনি গুরুতর আহত হন। চিকিৎসকরা তখন তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।
এর আগে, ‘ছোরি ২’ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখে চোট লেগেছিল, যা গুরুতর ছিল এবং সেলাই করতে হয়েছিল।
২০২১ সালের আগস্টে নির্মাতা লাভ রঞ্জনের একটি ছবির শুটিং চলাকালে নুসরাতের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ২৩-২৪ দিনের ক্রমাগত কাজের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসকরা জানান, তিনি ভার্টিগোর সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।