দশ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল শাহতাজ মুনিরা হাশেম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শাহতাজ জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহতাজ বলেন, 'প্রীতম ও আমি পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে দশ বছরের একসঙ্গে থাকার পর আমাদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানান, তাঁরা এখনো একে অপরের প্রতি যত্নশীল।
বিচ্ছেদের পেছনে দীর্ঘ চিন্তার প্রেক্ষাপট তুলে ধরে শাহতাজ বলেন, 'আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই দুজনের জন্য ভালো।' দুই পরিবারের সমর্থন নিয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৬ সালে প্রীতমের 'জাদুকর' গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এই সম্পর্ক পরে প্রেমের দিকে গড়ায়। ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর শাহতাজ জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের শুরুটা বন্ধুত্ব দিয়ে। প্রীতমও বলেছিলেন, শাহতাজকে বিয়ের প্রস্তাব তিনি শুরুতেই দিয়েছিলেন।
বিয়ের পর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও, বর্তমানে শাহতাজ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মার্চে ঈদের সাজে তাঁদের একসঙ্গে ছবি প্রকাশিত হয়েছিল।