বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ মাস বয়সে তিনি এই মাইলফলক অর্জন করেন। ম্যাচের ৬২তম মিনিটে মেক্সিকান গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে দারুণ চিপে গোল করেন সুলিভান, যার ফলে যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে এগিয়ে যায় এবং ম্যাচটি ৩-০ গোলে জিতে শেষ করে।
সুলিভান তার প্রথম আন্তর্জাতিক গোলকে স্বপ্নপূরণের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনি যখন তিন, চার, পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকে এমন মুহূর্তের স্বপ্ন দেখেন, তখন এটি সত্যিই অবিশ্বাস্য।’ তিনি তার পরিবার এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন এবং এই সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’ সুলিভান মেক্সিকোর বিপক্ষে তার গোলের অনুভূতি জানিয়ে বলেন, ‘সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে যায়। বলটা চিপ করেছিলাম এবং আশা করছিলাম, ক্রসবারে লাগবে না।’
যুক্তরাষ্ট্রের কোচ সুলিভানের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি সুলিভানকে ‘যোদ্ধা’ উল্লেখ করে বলেন, ‘বল পায়ে তরুণ এই ফুটবলারের দক্ষতা অসাধারণ এবং তার মতো খেলোয়াড় দলে থাকা যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর।’
ক্লাব ফুটবলে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সুলিভান ইতিমধ্যে ইতিহাস গড়েছেন। মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করে তিনি ফ্রেডি আদুরের রেকর্ড ভেঙেছিলেন। চলতি মৌসুমে সুলিভান শেষ আট এমএলএস ম্যাচে ছয় গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন। তার পারফরম্যান্সে ফিলাডেলফিয়া ইউনিয়ন টানা ১২ ম্যাচ অপরাজিত রয়েছে, যা ক্লাবটির রেকর্ড।
সুলিভান সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার হয়েছেন, লিওনেল মেসিকে পেছনে ফেলে।