যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আজ রোববার সচিবালয়ে ক্রীড়াবিদদের যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিবহন মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং নতুন ৯৫ জনকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে।
সরকার ক্রীড়াবিদদের জন্য রেল, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
এশিয়ান গেমস ও ফুটবলের ফলাফল নিয়ে সাময়িক হতাশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির রিপোর্ট পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ব্যক্তিগত কারণে তা হয়নি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গে তিনি বলেন, সাবেক ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত চলছে এবং রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক।