দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সহায়তা করতে এক স্মরণীয় মিলনমেলার আয়োজন করেছেন। কেপটাউনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ক্রিকেটের কিংবদন্তিরা, যেমন ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, শন পোলক, মার্ক বাউচার এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।
৩ অক্টোবর অনুষ্ঠিত এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে একত্রিত হন তারা। ব্রেট লি সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিলনমেলার উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘কী দারুণ এক লাইন-আপ! খেলার ইতিহাসের কিছু অনন্য কিংবদন্তির সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ রোজ রোজ আসে না।’
জেপি ডুমিনি ২০১৫ সালে ‘জেপি২১ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য হলো দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত জনপদ ও স্কুলপড়ুয়া শিশুদের ক্রিকেটের মূলধারায় যুক্ত করা।
ফাউন্ডেশনটির লক্ষ্য হলো গ্যাং সহিংসতা ও মাদকের প্রভাব কাটিয়ে শিশুদের খেলাধুলার ইতিবাচক পরিবেশে যুক্ত করা। বর্তমানে প্রতি সপ্তাহে দুই হাজারেরও বেশি শিশু তাদের ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।
ডুমিনির এই উদ্যোগে আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।