রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

হোপের ১৬২ রানে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

শাই হোপের ১৬২ রানে ভারতকে ৫ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হলো ভারত।

হোপের ১৬২ রানে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ৫ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপের অপরাজিত ১৬২ রানের সুবাদে সফরকারীরা ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

৩ অক্টোবর শনিবার নিউ চন্ডিগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৪ রানে অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলি আউট হয়ে যান। এরপর রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড় ১৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। রোহিত ৯২ ও রুতুরাজ ৫৭ রান করেন।

শেষদিকে ঝড় তোলেন লোকেশ রাহুল, যিনি ৮৭ বলে ১০ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১২৯ রান করেন। এটি রাহুলের নবম ওয়ানডে সেঞ্চুরি এবং এই সংস্করণে তার সর্বোচ্চ রান। রাহুলের ব্যাটে ভর করে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করে।

জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের সঙ্গে আমির জাঙ্গুর ৬৭ রানের জুটি দলকে এগিয়ে দেয়। পরে হোপকে সঙ্গ দেন কিমো পল। শেষ পর্যন্ত হোপের ১৬২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

এটি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা ৩২৮ রানের লক্ষ্য ১৩ বল বাকি রেখে টপকে গিয়েছিল। ফলে ভারত সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হলেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা হলো না।

বিজ্ঞাপন