মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
এমএলএসে একাধিক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে মোটে ৬ ফুটবলারের। সেই তালিকায় এবার নাম লেখালেন মেসি। তবে মেসি ছাড়া আর কেউ টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিততে পারেননি। চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে লিগে সর্বোচ্চ ২৬টি গোল করেছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।
মেসি শুধু নিজে গোল করেননি, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও ছিলেন অনন্য। তিনি চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ ৩১ ম্যাচে ৪৩ গোলে অবদান রেখেছেন, যা লিগে সর্বোচ্চ।
আজ রোববার সকালে লিগের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে মায়ামি শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে মেসি কোনো গোল না পেলেও তাঁর গোল্ডেন বুট জয়ে কোনো সমস্যা হয়নি।
মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ২২ গোল নিয়ে দুইয়ে এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা। আর ২১ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ন্যাশভিল এসসির স্ট্রাইকার স্যাম সারিজ।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টার মায়ামি। ফলে প্লে-অফে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি টানা চতুর্থবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও জায়গা করে নিয়েছে দলটি। এর আগে ২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি।