শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ডিজেল ছাড়ার পরিকল্পনা করছে ইউরোপ

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ডিজেল ছাড়ার পরিকল্পনা করছে ইউরোপ

বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফ্রান্সের উত্থাপিত এক প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে ইইউভুক্ত দেশগুলো।

সূত্র জানায়, ইউরোপীয় দেশগুলোকে নিজেদের জরুরি মজুদ থেকে ৫০ মিলিয়ন (৫ কোটি) ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর পক্ষ থেকে আরও ৫০ মিলিয়ন (৫ কোটি) ব্যারেল ক্রুড তেল ছাড়ার কথাও উল্লেখ আছে।

মার্কিন প্রশাসন সম্প্রতি জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের বড় দেশগুলোকে ২০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার দাবি জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ যদি এই সিদ্ধান্ত না নেয়, তবে ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছেন। এই পরিস্থিতিতে ইউরোপ তড়িঘড়ি করে সিদ্ধান্ত পর্যালোচনায় নেমেছে।

ইউরোপীয় ইউনিয়ন এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। একদিকে জ্বালানির দাম কমানো প্রয়োজন, অন্যদিকে ভূ-রাজনৈতিক সংকটের কারণে নিজেদের জরুরি রিজার্ভ রক্ষা করাও গুরুত্বপূর্ণ।

ইউরোস্ট্যাটের মে ২০২৫-এর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ৫০ মিলিয়ন ব্যারেল ডিজেল ছাড়লে তা হবে ইইউ-এর মোট জরুরি ডিজেল ও গ্যাসঅয়েল মজুদের প্রায় ১৭ শতাংশ। এই পরিমাণ জ্বালানি ইউরোপীয় ব্লকের বার্ষিক ডিজেল খরচের প্রায় ৩ শতাংশের সমান।

বর্তমানে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ, ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া এবং চীনের অভ্যন্তরীণ মজুদ রক্ষা করার সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

অতীতে ইউরোপ মূলত রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে ডিজেল আমদানি করত, তবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন