ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
ঘটনাটি ঘটে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে, যা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের পর আইআরজিসি ওই এলাকায় বিস্ফোরক ভর্তি কয়েকটি প্যাকেট জব্দ করেছে।
তবে নিহতদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
এর আগে বুধবার জাহেদানে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, জানিয়েছে ফার্স নিউজ।
সিস্তান-বেলুচিস্তান অঞ্চলটি মাদক পাচারের জন্য পরিচিত এবং তেহরানের অভিযোগ, এখানে কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে, যারা চোরাচালানে জড়িত।