সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, বাহরাইন সামরিক বাহিনী হামলা প্রতিহত করেছে।

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। রোববার (১৫ নভেম্বর) এই হামলা হয়, যা গত তিন দিনে মার্কিন স্থাপনার বিরুদ্ধে ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়।

তবে বাহরাইনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে এবং হামলার আগে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

রোববার বাহরাইনের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলার পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে।

আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং মার্কিন শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

এর আগে, চলতি সপ্তাহে আইআরজিসি দাবি করেছিল যে, শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে যে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং এ ঘটনায় কেউ আহত হয়নি।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যেখানে বিশ্বের মোট গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

বিজ্ঞাপন