শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের, উত্তেজনা বাড়ছে

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি করেছে ইরান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের, উত্তেজনা বাড়ছে

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতা রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির দাবি, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইরানের এ দাবি সত্য হলে, সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় এটিই হবে প্রথম হামলার ঘটনা। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে সাময়িক বিরতি থাকলেও পরিস্থিতি এখনও নাজুক বলে মনে করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূচনা হয়। পরে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘাতের ধারাবাহিকতায় উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি, বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার উদ্যোগ নেয় তেহরান।

এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

তবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের এ দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন