শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পতেঙ্গা সৈকতে গান্ধীজয়ন্তী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

গান্ধীজয়ন্তী উপলক্ষে পতেঙ্গা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।

পতেঙ্গা সৈকতে গান্ধীজয়ন্তী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সহকারী হাইকমিশনার, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সিডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী।

এ পরিচ্ছন্নতা কার্যক্রম ভারতের দেশব্যাপী ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়। ‘স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পতেঙ্গা সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারণার টি-শার্ট দেওয়া হয়।

কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ। গান্ধীজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশন এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলো ‘সেবা পখওয়াড়া ২০২৬’-এর আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করছে।

বিজ্ঞাপন