প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক সমাবেশের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন তিনি।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে, যা ২৪ এ প্রমাণিত হয়েছে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, পরিচ্ছন্নতা অভিযানে তারা আন্তরিকতা দেখাবেন।
তিনি উল্লেখ করেন, সারা দেশে প্রায় দেড় কোটি হাই স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, এবং প্রাথমিক স্কুল ও মাদ্রাসাসহ মোট শিক্ষার্থীর সংখ্যা আড়াই কোটি। তিনি বলেন, “যদি আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।”
প্রধানমন্ত্রী তরুণ সমাজের শক্তি তুলে ধরে বলেন, “একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি পরিবর্তন করতে চায়, তাহলে সেটা সম্ভব।” তিনি ২০২৪ সালের ৫ আগস্টের উদাহরণ দিয়ে বলেন, তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করেছে।
তিনি সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আগামী ৩ মাস আমরা ডেঙ্গুর সমস্যার সমাধান করার চেষ্টা করব। হয়তো শতভাগ করতে পারব না, কিন্তু ৮০ শতাংশ আমরা পারব।”
ডেঙ্গুর কারণ সম্পর্কে তিনি বলেন, “ভাঙা-চুরা, কাগজপত্র, প্লাস্টিকের জিনিস বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমে ডেঙ্গুর এডিস মশা তৈরি হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের দেশের পরিবর্তন ঘটাতে পারব।”