নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা বিকালে গোসল করতে নদীতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যায়। তাদের উদ্ধারে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার চেষ্টা করলেও সফল হননি। পরে শিবপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালালেও কাউকে খুঁজে পায়নি।
ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
ওসি কোহিনূর মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজদের নাম ও ঠিকানা সংগ্রহ করেছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।