নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ রয়েছেন।
নিখোঁজ অন্য দুইজন হলেন কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
গত শুক্রবার বিকেলে শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ তিনজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা বিকেলে বাড়ির সদস্যদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।
নদীর প্রবল স্রোতে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালালেও সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করে। আজ সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং সৌরভ ও ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুইজনের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।