শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অপরজন আহত

নাটোরের সিংড়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অপরজন আহত হয়েছে।

নাটোরে মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অপরজন আহত

নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ী গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনার সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হন। তিনি নাটোর সদর উপজেলার সাতপুরুলিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে।

আহত সাফায়েত আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতপুরুলিয়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বোনকে দেখতে যাচ্ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলে করে জহুরুল ইসলাম নাটোর শহর থেকে কালিগঞ্জে ফিরছিলেন। বন্দর এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ করে।

এতে জহুরুল ইসলাম এবং সাফায়েত আহমেদ গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত সাফায়েত আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন