ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।' তিনি জানান, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এছাড়া, প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 'শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।' তিনি জনসাধারণকে প্রতি সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতার জন্য সময় দিতে উৎসাহিত করেন এবং বলেন, 'নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।'
প্রধানমন্ত্রী সকলকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে আহ্বান জানান এবং বলেন, 'পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে।'
তিনি আরও বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।' অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।