খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, খুলনা জেলায় দুজন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বাগেরহাট জেলায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৫ জনে পৌঁছেছে।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৪৫ জন রোগী রয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ৪২৮ জন রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।