শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর প্রতিরোধ

সাতক্ষীরার সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা বিজিবির কঠোর পদক্ষেপে ব্যর্থ হয়েছে।

সাতক্ষীরায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর প্রতিরোধ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে পুশইন করার চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপের ফলে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থান দিয়ে বিএসএফ পুশইনের চেষ্টা করে।

ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট ব্যবহার করে অজ্ঞাত ১০-১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল।

বিজিবির টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্পিডবোটের মাধ্যমে অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।”

বিজ্ঞাপন