শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

প্রথম প্রান্তিকে পণ্য রফতানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে রফতানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ।

প্রথম প্রান্তিকে পণ্য রফতানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। ফলে রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রফতানি আয় ছিল ৩৯৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

প্রথম তিন মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ০৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। নিট পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

এছাড়া, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল এবং গৃহসজ্জার বস্ত্রপণ্যের রফতানিতেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি বেড়েছে ওষুধ রফতানি, যা প্রথম প্রান্তিকে ৪০ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে কৃষিপণ্য এবং হিমায়িত ও জীবন্ত মাছ রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার, সেখানে রফতানি বেড়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও জার্মানি।

উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে রফতানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। ইপিবি জানিয়েছে, রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, পণ্যের মানোন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন