দেশের শীর্ষস্থানীয় গৃহঋণ প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠানটি গৃহঋণ সেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে এবং দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে এই মাইলফলক অর্জন করেছে।
১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর থেকে ডিবিএইচ দেশের গৃহঋণ খাতের প্রসারে নেতৃত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি গত তিন দশকে ৬০ হাজারেরও বেশি পরিবারকে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, "৩০ বছর পূর্ণ করা ডিবিএইচ-এর জন্য গর্বের একটি মাইলফলক। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষের জন্য বাড়ির মালিকানা সহজ করা এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে কাজ করা।"
প্রতিষ্ঠানটি কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অনন্য নজির সৃষ্টি করেছে। ডিবিএইচ টানা ২১ বছর দেশের শীর্ষ ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করেছে এবং খেলাপী ঋণের হার কখনোই ১ শতাংশ অতিক্রম করেনি।
বর্তমানে ডিবিএইচ দেশজুড়ে ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত এবং শরিয়াহভিত্তিক ইসলামী অর্থায়ন কাঠামোর আওতায় সাশ্রয়ী গৃহঋণ সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি আগামী দিনে সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব আবাসন অর্থায়নে বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।