জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সেগুলো হলো ‘বাংলাদেশে যক্ষ্মা (টিবি), এইচআইভি–এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ’ এবং 'পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, পটুয়াখালী (১ম সংশোধিত)'।
অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি প্রকল্প, 'ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)' অনুমোদন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় 'চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ' প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
পানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো 'মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা' এবং 'মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন এলাকা রক্ষা'।
ভূমি মন্ত্রণালয়ের 'ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প' এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের 'রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ' প্রকল্পও অনুমোদন পেয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়)' এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'র্যাব (এসআরবি) এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ' প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 'ফেনী জেলার সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ' এবং 'তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ' প্রকল্প দুটি অনুমোদন করা হয়েছে।