অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিহত শিশু রামিসা আক্তারের পিতা আব্দুল হান্নান মোল্লা। শনিবার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা। এ ঘটনায় তার পিতা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয় এবং পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ মামলার প্রেক্ষিতে ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
৭ জুন, ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স/আপিল শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
আজ রামিসার পিতা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান।