কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, অপ্রতিমের পরিবারকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে অপপ্রচার চলছে। এ বিষয়ে তার বাবা জিডি করেছেন।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, গতকাল একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, যা পরে ব্লক করা হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতী এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, অপ্রতিমের কাছে থাকা মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে বাধা দেওয়ায় তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অপ্রতিম হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।