গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন, খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর সার্বক্ষণিক নজরদারি ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।