ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের কারণে নিহত হয়েছেন আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। বুধবার রাত ১০টার দিকে তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের ইউনুস সরদারের ছেলে এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রেবতী সরকার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। সাজু ঘের ব্যবসায়ী ছিলেন এবং তিনি একাই ‘সরদার ভিলা’ নামে একটি বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু এক সপ্তাহ আগে কোমরের চিকিৎসার জন্য ভারতে যান। মঙ্গলবার কলকাতায় এসে হোটেলে অবস্থান করছিলেন। এদিকে, রেবতী সরকার দুই মাস আগে ছেলে ও মেয়েকে নিয়ে ভারতে যান এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কলকাতার হোটেলে অবস্থান করছিলেন।
দুর্ঘটনার সময় হোটেলের তৃতীয় থেকে পঞ্চম তলায় আগুন লাগে। সাজুর ভাগ্নিজামাই বেল্লাল হোসেন জানান, বুধবার বিকেল ৫টার দিকে নিহতদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
হোটেলের ব্যবস্থাপক কুমারেশ জৈন বলেন, রেবতী নিজেকে সাজুর ‘অ্যাটেনডেন্ট’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। জেলা প্রশাসক কাউসার আজিজ জানিয়েছেন, মরদেহ ফেরত আনার বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে।