দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
এ নির্বাচনে অংশ নেন সব সংসদ সদস্যরা। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা করছেন।
দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে ভোট দেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং পরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন।
মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাভুটিতে অংশ নেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট না দেওয়ার কথা জানান। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় তারা এই নির্বাচনে ভোট দেবে না।