দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।
এ সময় স্পিকার তাকে স্বাগত জানান এবং অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান। মির্জা আব্বাস গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অসুস্থতার কারণে মির্জা আব্বাস সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি এবং রাষ্ট্রপতি নির্বাচনে ভোটও দিতে পারেননি।
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই নেতা।