শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ৫ এনসিপি নেতাকর্মী

জামালপুরে মানববন্ধনে হামলায় আহত হয়েছেন ৫ জন। এনসিপির নেতাকর্মীরা হামলার বিচার দাবি করেছেন।

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ৫ এনসিপি নেতাকর্মী

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই হামলা ঘটে। হামলার প্রতিবাদে এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন চলাকালীন জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা হামলা চালান।

জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় শুভর নেতৃত্বে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে আশ্রয় নিই।’

এদিকে, হামলার ঘটনার বিষয়ে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ হামলার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন