বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন যে, একটি রাজনৈতিক দল শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্রদলের ডিজিটাল প্লাটফর্ম ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ প্রায় সাড়ে চারশো নেতা-কর্মী জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছেন। তবে একটি দল এই আন্দোলনে একক কৃতিত্ব নিতে চায়, যা শহীদদের প্রতি বেইমানি হবে।'
তিনি ছাত্রদলের গৌরবান্বিত ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, 'এই ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সংগঠনটির সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ছাত্রদলের সংগ্রাম, ইতিহাস ও ত্যাগ যেন দেশ তথা বিশ্বের বাঙালি সমাজ জানতে পারে।'
অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্ম ও ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২ জন শহীদের তালিকা এবং ১৭ বছর ধরে নির্যাতিত গুম-খুনসহ হত্যার শিকার নেতা-কর্মীদের তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও, আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্যদের আন্দোলনের বিস্তারিত উপাখ্যান নিয়ে দুটি বুকলেট প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেন।