জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে এনসিপি কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। সংসদ ভবনের সামনে প্রকাশ্যে ছিনতাইকারীর হাতে মানুষ প্রাণ হারাচ্ছে।’
তিনি আরও জানান, ‘গণহত্যার বিচার নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আমরা বিরোধীদলের পক্ষে সংসদে কথা বলছি, কিন্তু সরকার আমলে নিচ্ছে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশের জনগণের কাছে আমরা সরকারের ব্যর্থতার কথাগুলো তুলে ধরতে চাই। ইতোমধ্যে আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে।’
আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৫ তারিখ থেকে আমাদের লংমার্চ শুরু হবে, এর মাধ্যমে আমরা জনমত গঠন করতে চাই। লংমার্চে কোনো বাঁধা আসলে তা মোকাবিলা করা হবে।’ তিনি উল্লেখ করেন, ‘৬ মাসে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পৌঁছে গেছে।’