বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের প্রক্রিয়ার আগে বিহার সরকারের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বিহার রাজ্য সরকারকে একটি চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়টি বিবেচনা করার সময় বিহারের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। জয়শঙ্করের লেখা চিঠিটি ২৮ আগস্ট পাঠানো হয়, যা বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রকাশ করেছে।
চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল গঙ্গার নিম্ন অববাহিকার দেশ বাংলাদেশকে শুকনো মৌসুমে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা।
তবে বিহারের রাজ্য সরকার গঙ্গা চুক্তির নবায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অভিযোগ করেছে যে, এই চুক্তির কারণে রাজ্যের সাধারণ মানুষ ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।