দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি চলছে জাতীয় সংসদ অধিবেশনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই নির্বাচন সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, "ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত এবং এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।" বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। সালাহউদ্দিন আহমদ জানান, সংশোধিত এই বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, "এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে।"
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলছে।