কাশ্মীরের সায়াম হায়দার শরীরের অবিশ্বাস্য নমনীয়তার জন্য ‘রাবার বয়’ খেতাব অর্জন করেছেন। মাত্র ১৩ বছর বয়সে ইউটিউব দেখে নাচ ও শরীরচর্চা শুরু করেন তিনি।
সায়াম যোগব্যায়াম, স্ট্রেচিং ও কনটরশনের কঠিন কৌশল আয়ত্ত করেছেন। তিনি টেনিস র্যাকেটের ছোট ফ্রেমের ভেতর দিয়ে অনায়াসে বেরিয়ে আসতে পারেন এবং মাথা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নিতে পারেন।
তিনি জানান, “২০১০ সালের দিকে ইউটিউবে পপিং আর অ্যানিমেশন ড্যান্সের ভিডিও দেখতাম। সেখান থেকেই এই ধরনের পারফরম্যান্সের প্রতি আগ্রহ তৈরি হয়।” এক দশকের প্রশিক্ষণের পর ভারতের বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন সায়াম।
তিনি ইন্ডিয়াস গট ট্যালেন্ট-এ অংশ নেন এবং আমেরিকাস গট ট্যালেন্টে আমন্ত্রণ পেলেও স্পনসরের অভাবে যেতে পারেননি।
সায়াম বলেন, “আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো নিজের প্রতিভাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে পরিবার ও দেশের নামও উজ্জ্বল করতে পারি।”
আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে, ২০২৫ সালের জুলাইয়ে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস সায়ামের এক মিনিটে পাঁচবার টেনিস র্যাকেটের ফ্রেমের ভেতর দিয়ে বের হওয়ার রেকর্ডকে স্বীকৃতি দেয়।