রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ঢাকায় ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ অনুষ্ঠিত, নারীর জীবনকথা তুলে ধরা

ঢাকায় ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ অনুষ্ঠানে নারীর জীবন ও অভিজ্ঞতার নানা গল্প তুলে ধরা হয়েছে।

ঢাকায় ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ অনুষ্ঠিত, নারীর জীবনকথা তুলে ধরা

ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’ অনুষ্ঠানে নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মাধ্যমে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে। শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) বাংলাদেশ ২০২৬-এর সহযোগিতায় সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন এ আয়োজন করে। ‘রিমেম্বারিং মেমোরিজ, রিক্লেইমিং বডিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তরুণ-তরুণীসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন।

দুপুর ১২টায় শুরু হওয়া আয়োজনে শিল্পপ্রদর্শনী, অংশগ্রহণমূলক আর্ট ইনস্টলেশন, খাবারের স্টল ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শিল্পী ইশরাত রউফের শিল্পকর্ম ‘বহুরেখা’ তৈরিতে দর্শকেরা অংশ নেন, যেখানে তাঁরা নিজেদের স্মৃতি ও পরিচয় ভাগ করে নেন।

বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। শারীরিক স্বাধীনতা, শৈশব, সামাজিক প্রত্যাশা ও আত্মপরিচয়ের মতো বিষয়গুলো উঠে আসে এসব আয়োজনে। বিকেল ৪টায় চারটি দলগত নৃত্যনাট্য মঞ্চস্থ হয়, যেখানে নারীর অংশগ্রহণ, লৈঙ্গিক ধারণা, ক্ষমতার কাঠামো ও প্রতিকূলতা মোকাবিলার মতো বিষয়গুলি তুলে ধরা হয়।

নৃত্যনাট্যগুলোর মধ্যে ছিল ‘উইমেনস পলিটিক্স অ্যান্ড উইমেন ইন পলিটিক্স’, ‘ইনসাইড দ্য লাইন’, ‘ডিড গড সে দিজ থিংস?’ এবং ‘আফটার দ্য সাইলেন্স’। ‘ফ্রম স্কোর টু স্টেজ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।

সাধনার আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মারিয়াম বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা কারও অজানা নয়। তবুও আমি আশাবাদী। আমরা নারীরা অসহায় নই; আমরা সব সময় নিজেদের জন্য লড়াই করে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করার জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের এখনো অনেক পথ বাকি।’ আয়োজকেরা জানান, শিল্পী ও দর্শকদের একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা এবং বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন