প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে দেশের বিদ্যমান বাস্তব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে ‘শিল্প ও একাডেমিয়ার সংযোগ: ব্যবসায়িক উদ্ভাবনের দিকে এআই-এর রূপান্তর’ শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হয়। মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন সমস্যায় বিদেশ নির্ভরতা থাকলেও দেশের উজ্জ্বল মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি সমস্যার স্থানীয় সমাধান বের করা সম্ভব। সরকার স্টার্টআপ ফান্ড ও অনুদানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ভাবনার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোগে প্রাথমিক মূলধনের জোগান দিতে কাজ করছে।
যানজট নিরসন, কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধিতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসার যোগসূত্র তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে মানবকল্যাণে প্রয়োগ করাই সরকারের মূল লক্ষ্য।
এসএসসি ও এইচএসসিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মাহদী আমিন বলেন, সরকার ‘ব্রেন ড্রেইন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে কাজ করছে।
তিনি বলেন, প্রবাসে থাকা বাংলাদেশি বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ ও যৌথ গবেষণা চালানোর পরিবেশ গড়ে তোলা হচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন খাতের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।