নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে ‘শরৎ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বিভিন্ন এলাকা থেকে আসা কবি, লেখক, সাহিত্যিক এবং রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিরা শরতের রূপ-মাধুর্য, প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধন রয়েছে এবং এ ধরনের উৎসবের মাধ্যমে সেই বন্ধন নতুন করে অনুভব করার সুযোগ তৈরি হয়।
আয়োজকরা জানান, দেশীয় সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যকে ধারণ এবং সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়াতে এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।
শরৎ উৎসবে কবিরা শরৎ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন, এবং শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।