রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে করা দুইটি রিট খারিজ করার পর আগামীকাল অনুষ্ঠিত নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, "বাস্তবতা বিবর্জিত এসব রিটের কারণে উল্টো রিটকারীদের আদালতের জরিমানা করার জন্য শুনানিতে বলেছেন তিনি।" বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এই রিটের মাধ্যমে সংসদ সদস্যদের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটাধিকার চাওয়া হয়।
রিটকারী আইনজীবী শুনানিতে বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপিরা ভোট দিতে পারলে পরাজিত প্রার্থী যারা লাখ লাখ ভোটারদের ভোট পেয়েছেন তাদেরও ভোট দেয়ার অধিকার থাকা উচিত।" শুনানি শেষে রিটটি খারিজ করে আদালত।
এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটও খারিজ করে দেন হাইকোর্ট।