ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছে তুরস্কের কিছু সংবাদমাধ্যম। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। তুরস্কের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি পোস্টের মাধ্যমে এই খবরটি আরও ছড়িয়ে পড়ে। তিনি জানান, শেখ হামাদার সঙ্গে সাক্ষাতের পর কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি উঠে এসেছে।
এদিকে, কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তিনি মরক্কোর নাগরিক সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন। এল তাহিরি ফিফার অনুমোদিত ফুটবল এজেন্ট এবং খেলোয়াড়দের ক্যারিয়ার পরিচালনায় জড়িত।
গত ২৫ জুলাই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনেকেই দাবি করছেন, কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের পেছনে নতুন স্ত্রী সোহাইলার ভূমিকা রয়েছে। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।