বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, দাবি ডা. জাহেদ উর রহমানের

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, দাবি ডা. জাহেদ উর রহমানের।

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, দাবি ডা. জাহেদ উর রহমানের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী মানবিক কারণে জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের পাপের ফল।

জাহেদ উর রহমান আরও বলেন, 'বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের বিজয় পেয়েছে। জনগণ যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির ওপর সরকারকে দায়িত্ব দিয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার কাজ করছে।'

তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, 'ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের।' সরকারি কর্মকর্তাদের সহযোগিতার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, 'সরকারের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগ থাকবে এবং জনগণের ইচ্ছাকে সরকার গুরুত্ব দেবে।'

বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, '১৮০ দিন পার হওয়ার পর উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজও মূল্যায়ন করা হবে।'

তিনি শিশু-কিশোরদের প্রসঙ্গে বলেন, 'বর্তমানে অনেক শিশু-কিশোর নানা ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। তাদের খেলাধুলা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে।'

সাংস্কৃতিক আয়োজনগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, 'সার্কাস ও যাত্রাপালার মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলো থেকে খারাপ বিষয়গুলো বাদ দিয়ে আবারও এসব আয়োজনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে।'

বিজ্ঞাপন