বাংলাদেশকে ঋণ ও দুর্নীতিগ্রস্ত অর্থনীতি থেকে উৎপাদনমুখী অর্থনীতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার (১২ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান।
তিনি বলেন, বিদ্যুৎক্ষেত্রের সংকট নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
ড. তিতুমীর আরও জানান, সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে কাজ করছে। এই লক্ষ্য অর্জনের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সমাজে স্বজনপ্রীতি ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। সরকার এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে কাজ করছে এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।