দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে উত্তর কোরিয়াসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির বদলে দুই কোরিয়ার মধ্যে স্থায়ী শান্তিব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
লি জে-মিউং উল্লেখ করেন, উত্তেজনা কমাতে ও সংঘাত ঠেকাতে সিউল ধারাবাহিক পদক্ষেপ নেবে। তিনি বলেন, আলোচনা মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সীমিত করার উদ্যোগও নেওয়া যেতে পারে।
তবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান প্রত্যাখ্যান করেছে। পিয়ংইয়ং সিউলের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করেছে।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৫ জুন উত্তর কোরিয়ার দক্ষিণে হামলার মধ্য দিয়ে কোরীয় যুদ্ধ শুরু হয়। ১৯৫৩ সালের ২৭ জুলাই যুদ্ধবিরতিতে লড়াই থামলেও আজও কোনো শান্তিচুক্তি হয়নি।