সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করে। এ নিয়ে শিশুদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি নিয়ে শিশুদের অভিভাবক আব্দুন নূর ও আল আমীনের পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি হলেও শনিবার দ্বিতীয় দফায় সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে আব্দুন নূরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আল আমীনের পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আল আমীন মারাত্মকভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আব্দুর নূর, লতিফ, আব্দুল কুদ্দুস, জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।