সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই গণনা শেষে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, স্বর্ণ ও রুপাসহ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা পাওয়া যায়।
গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মাজারে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণ ও ১ ভরি ২ আনা রৌপ্য পাওয়া গেছে।
বিদেশি মুদ্রার মধ্যে ৩১.১১ পাউন্ড, ৩২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ১০০০ ওমানি বায়সা, ৬৪ আরব আমিরাত দিরাম, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১০০০ ভিয়েতনামি ডং, ১০০০ জাপানি ইয়েন, ১১২ কাতারি রিয়াল, ১০ লেবানিজ পাউন্ড, ১০ মিসরীয় পাউন্ড, ০.৪০ ইউরো, ১ বাহরাইন পয়সা, ও ১ কানাডিয়ান ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, দান হিসেবে গরু-ছাগল ও হাস-মুরগিও পাওয়া গেছে। গণনার পর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে টাকা গুনেন। এটি ১ মাস ৪ দিন পর মাজারের দানবাক্সের টাকা গণনা করা হলো।
পূর্বে, চলতি বছরের ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ২৬ জুন সিলেট সার্কিট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।