মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে ভোর থেকে বোমা সদৃশ বস্তু দেখা যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামায়।
বক্সটি পানি ভর্তি একটি বালতির ভেতরে রাখা হয় এবং কিছুক্ষণ পর ব্যাটারির সাথে তারের সংযোগগুলো কেটে দেওয়া হয়। বক্সটি খুলে দেখা যায়, এটি আসলে একটি সাউন্ড বক্স।
এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে আরো দুটি বস্তু রাখার খবর আসে। পুলিশ দ্রুত কোর্টমোড়ের বস্তুটি উদ্ধার করে। পথচারীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো কোন বোমা সাদৃশ বস্তু নয় এবং উদ্ধারকৃত বস্তুগুলো থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।