বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণের তিন লাখের বেশি সদস্যকে নিজ দেশে ফেরার অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর হামলার পর লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে সেই ঘটনার ৯ বছর পূর্তিতে মিয়ানমার সরকার জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল হলে ফেরত নেওয়া হবে তিন লাখের বেশি রোহিঙ্গাকে।
মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার তথ্য যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে, মিয়ানমার সরকারের দাবি, ২০১৭ সালে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠী সামরিক স্থাপনায় হামলা চালানোর জবাবে সেনা অভিযান শুরু করা হয়। তারা বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গার প্রবেশের দাবিও অস্বীকার করেছে, বরং তাদের দাবি এই সংখ্যা ৫ লাখ ৪০ হাজার।