দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে নতুন করে ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৮৭ জন আক্রান্ত হয়েছে। ঢাকা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ হাজার ৪৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯১০ জন। এ বছর ডেঙ্গু রোগে ৬৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ৫৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৭৬৩ জন।