চাঁদপুরে বিশেষ টিকাদান কর্মসূচি চলমান থাকা সত্ত্বেও হামের সংক্রমণ থামছে না। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ছয় মাসের কম বয়সী শিশু।
দুর্গম এলাকায় টিকাদানের হার কম থাকায় রোগীদের ঝুঁকি বাড়ছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি শিশুরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে শিশুদের নিয়ে আসছেন স্বজনরা।
এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছে এবং মারা গেছে অন্তত ৭ শিশু। আক্রান্তদের মধ্যে টিকা নেওয়া শিশুও রয়েছে।
হাইমচর ও রায়পুরের মতো দুর্গম চরাঞ্চল থেকে বেশি রোগী আসছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহাবুবুর রহমান বলেন, “এসব এলাকায় শিশুদের টিকাদানের হার কম, আবার টিকার বয়স না হওয়া শিশুরাও আক্রান্ত হচ্ছে।”
এদিকে, হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন জানিয়েছেন, “এ পর্যন্ত সাড়ে ৩০০ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।”
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১০ আগস্ট পর্যন্ত জেলায় প্রায় ৩ লাখ ৫৬ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।