স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্টের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। তিনি দাবি করেন, এটি অতীতে কোনো সরকারের সময় ছিল না।
মন্ত্রী জানান, ডেঙ্গু শনাক্তকরণে ব্যবহৃত টেস্ট কিট ইতোমধ্যে মাঠপর্যায়ে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় গুদামেও প্রয়োজনীয় রিএজেন্ট ও কিটের মজুত আছে।
১৫ জুলাই জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৫ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের।
তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ জন এবং মারা গিয়েছিলেন ৫৮ জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং এই সময়ে মৃত্যু হয়েছে ২৮ জন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের সক্ষমতা রয়েছে প্রয়োজন হলে যেকোনো সময় স্যালাইন সরবরাহ করার।
তিনি নিশ্চিত করেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আইসিইউ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক ও নার্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। রোগীদের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে মোকাবিলার জন্য ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো চিকিৎসার অভাব বা অবহেলার কারণে কোনো রোগীর মৃত্যু না হয়।